কামাল লোহানী আর নেই
উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ১০:৫২
সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক মুক্তিযোদ্ধা কামাল লোহানী আর নেই। আজ শনিবার (২০ জুন) সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি…রাজিউন)। কামাল লোহানীর ছেলে সাগর লোহানী এ কথা জানান।
কামাল লোহানীর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
একুশে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব কামাল লোহানী বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন সংগঠনের একজন পুরোধা ব্যক্তি ছিলেন। সাংবাদিক কামাল লোহানী স্বাধীন বাংলা বেতারে র বার্তা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কামাল লোহানী দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন । অসুস্থ হয়ে তিনি প্রথমে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হয়ে চিকিতসা নেন। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা (কোভিড-১৯) ভাইরাস ধরা পড়ে।
করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল থেকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেখানে চিকিতসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
১৯৭১ সালে কামাল লোহানী একজন শিল্পী, একজন সাংবাদিক ও একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাধীনতাযুদ্ধ অংশগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
দেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ বেতারের পরিচালকের দায়িত্ব পান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দু’বার মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও তিনি ছায়ানট, উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুক্ত আছেন।
কামাল লোহানীর প্রকৃত নাম আবু নাইম মোহা. মোস্তফা কামাল খান লোহানী। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গ্রামের খান মনতলা গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন।

