মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কামাল লোহানী ছিলেন পুরোধা: রাষ্ট্রপতি
উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ১২:৪৫
সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “সাংবাদিকতার পাশাপাশি আমাদের মহান ভাষা আন্দোলন, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে কামাল লোহানী বিপুল অবদান রেখেছেন। সাংস্কৃতিক আন্দোলনসহ বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি ছিলেন একজন পুরোধা ব্যক্তি।
“তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।”
রাষ্ট্রপতি কামাল লোহানীর বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কামাল লোহানী আজ শনিবার (২০ জুন) সকাল ১০ টা ১০ মিনিটে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যান ।
তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
একুশে পদকপ্রাপ্ত কামাল লোহানী এ দেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিদের অন্যতম।
১৯৭১ সালে তিনি স্বাধীন বাংলা বেতারের বার্তা বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেছিলেন।
তিনি শিল্পকলা একাডেমীর মহাপরিচালক হিসেবে দু’বার লায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ছায়ানট, উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুক্ত আছেন।
কামাল লোহানীর প্রকৃত নাম আবু নাইম মোহা. মোস্তফা কামাল খান লোহানী। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গ্রামের খান মনতলা গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন।

