কামাল লোহানী অসাম্প্রদায়িক চেতনার অসাধারণ যোদ্ধা : প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ১২:৪৮
কামাল লোহানীর মৃত্যুতে শোক জানিয়ে বাঙালির ভাষা আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে তার অগ্রণী ভূমিকাকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা একজন প্রগতিশীল ব্যক্তিত্ব এবং অসাম্প্রদায়িক চেতনার অসাধারণ যোদ্ধাকে হারালাম।’
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কামাল লোহানী বাঙালির ভাষা আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘একজন আদর্শবান ও গুণী মানুষ হিসেবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা এবং দেশের সংস্কৃতি বিকাশের আন্দোলনে পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি।’
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে কামাল লোহানীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
কামাল লোহানী আজ শনিবার (২০ জুন) সকাল ১০ টা ১০ মিনিটে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যান ।
তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
একুশে পদকপ্রাপ্ত কামাল লোহানী এ দেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিদের অন্যতম।
১৯৭১ সালে তিনি স্বাধীন বাংলা বেতারের বার্তা বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেছিলেন।
তিনি শিল্পকলা একাডেমীর মহাপরিচালক হিসেবে দু’বার লায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ছায়ানট, উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুক্ত আছেন।
কামাল লোহানীর প্রকৃত নাম আবু নাইম মোহা. মোস্তফা কামাল খান লোহানী। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গ্রামের খান মনতলা গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন।

