ব্রাজিলে করোনা আক্রান্ত ১০ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ১৩:৩৫
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। আগের ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৫৪ হাজারেরও বেশি কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছে বলে শুক্রবার (১৯ জুন) জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও টানা চতুর্থ দিন ১ হাজার ২০০ ছাড়িয়েছে। সব মিলিয়ে দক্ষিণ আমেরিকার এ দেশে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা প্রায় ৪৯ হাজারে পৌঁছেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস শনাক্তে পরীক্ষার পরিমাণ তুলনামূলক কম হওয়ায় ব্রাজিলে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের কয়েকগুণ বেশি হবে। সংক্রমণের সর্বোচ্চ শিখরে পৌঁছাতেও দেশটিকে আরও কয়েক সপ্তাহ পাড়ি দিতে হবে।
করোনাভাইরাসে শনাক্ত আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে দরিদ্র জনগোষ্ঠী ও আদিবাসীদের মধ্যে সংক্রমণের হার অন্যদের তুলনায় বেশি বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো প্রাদুর্ভাবের শুরু থেকেই প্রাণঘাতী এ ভাইরাসকে ‘হালকাভাবে’ নিয়েছিলেন বলে সমালোচনা আছে। শুরুর দিকে তিনি ভাইরাসটিকে ‘সামান্য ফ্লু জাতীয়’ ভাইরাস বলে অভিহিত করেছিলেন। ব্রাজিলের যেসব অঙ্গরাজ্যের গভর্নর ও শহরের মেয়ররা সংক্রমণ প্রতিরোধে লকডাউন দিয়েছিলেন, তাদের সঙ্গে তর্কেও জড়িয়েছিলেন তিনি। বোলসোনেরোর ভাষ্য, ভাইরাসের কারণে যে বিপর্যয় দেখা যাচ্ছে, বিধিনিষেধের ফলে হওয়া অর্থনৈতিক ক্ষতি তার চেয়েও মারাত্মক হবে।
প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের কারণে এক মাসের মধ্যেই ব্রাজিলের দুই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগও করেন।
শুক্রবার পর্যন্ত ব্রাজিলে ১০ লাখ ৩২ হাজার ৯১৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আক্রান্ত-মৃত্যুতে দক্ষিণ আমেরিকার এ দেশটির উপরে আছে কেবল যুক্তরাষ্ট্র।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্যে শনিবার (২০ জুন) সকাল পর্যন্ত আমেরিকায় শনাক্ত আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২০ হাজার পেরিয়ে গেছে; মৃত্যু ছাড়িয়েছে এক লাখ ১৯ হাজার।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারে শনিবার সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, আমেরিকায় আক্রান্ত ২২ লাখ ৯৭ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ৪০৭ জনের।

