২৬ জানুয়ারি আসছে করোনার ন্যাজাল স্প্রে
উত্তরদক্ষিণ । রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১৫
আগামী ২৬ জানুয়ারি ইন্ডিয়ার বাজারে আসছে নাকে দেওয়ার করোনার প্রতিষেধক টিকা ন্যাজাল ইনকোভ্যাক । ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ‘ভারত বায়োটেকের’ তৈরি ইনকোভ্যাক বাজারে এলে এটিই বিশ্বের প্রথম কোভিড প্রতিষেধক ন্যাজাল ভ্যাকসিন হবে।
রোববার (২২ জানুয়ারি) দেশটির গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার ‘ভারত বায়োটেকের’ ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণা ইল্লা জানিয়েছেন, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসেই কোভিড ন্যাজাল ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ বাজারে আসছে।
তিনি আরও জানান, গবাদিপশু থেকে তৈরি চর্মরোগের ভ্যাকসিন সম্ভবত আগামী মাসেই বাজারে চলে আসবে। ‘ভারত বায়োটেকের’ তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এর প্রথম ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক-এর প্রতিটি ডোজ সরকারের কাছে ৩২৫ টাকা এবং বেসরকারি টিকা কেন্দ্রে ৮০০ টাকায় বিক্রি করা হবে।
যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, কিন্তু তৃতীয় বুস্টার ডোজ নেননি, তারা বুস্টার ডোজ হিসেবেও এই টিকা নিতে পারবেন।
‘ভারত বায়োটেকের’ ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাককে শর্তসাপেক্ষে আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছিল দেশটি। দেশটির সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বলেছে, ইন্ডিয়ায় ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউই এই ভ্যাকসিন নিতে পারবেন।
ইউডি/এ

