আমেরিকা-চীন ফের বাকযুদ্ধ: করোনার ‘জন্মস্থান’ নিয়ে বিতর্ক তুঙ্গে

আমেরিকা-চীন ফের বাকযুদ্ধ: করোনার ‘জন্মস্থান’ নিয়ে বিতর্ক তুঙ্গে

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১৬:০২

করোনাভাইরাস মহামারি প্রাদুর্ভাবের পর এর উৎস নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। চীনের উহানের গবেষণাগার থেকে ছড়িয়েছে সেখানে এটি তৈরি হয়েছে এমন প্রশ্নেরও আবির্ভাব ঘটে। বিশেষ করে চীন ও আমেরিকার মধ্যে এই নিয়ে ব্যাপক ‘প্রচারণা যুদ্ধ’ও দেখা যায়। সম্প্রতি আবারও এই বিতর্ক জোড়ালো হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার উৎস নিয়ে দেশগুলোর কাছে তথ্য জানানোর আহ্বান জানিয়েছে। এ নিয়ে বিনয় দাস’র প্রতিবেদন

আমেরিকার অভিযোগ: বিশ্বকে সঠিক বার্তা দিচ্ছে না চীন

আমেরিকার গোয়েন্দা সংস্থা ‘ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (এফবিআই) জানিয়েছে যে, উহানের ল্যাব থেকেই করোনা ছড়িয়েছে। করোনাভাইরাস মহামারির উদ্ভব নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন এফবিআই প্রধান ক্রিস্টোফার রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কোভিড-১৯ সংক্রমণ ‘খুব সম্ভবত’ চীনা সরকার নিয়ন্ত্রিত ল্যাব থেকে ছড়িয়েছে। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারিটির উৎস শনাক্তের চেষ্টা ব্যর্থ করতে ও এই সম্পর্কে অস্পষ্ট ধারণা দিতে যথাসাধ্য চেষ্টা করেছে চীন এবং এটি সবার জন্য দুর্ভাগ্যজনক। এর আগে, চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ‘কোভিডের উৎস’ নিয়ে দেশটিকে আরও ‘সৎ’ হওয়ার আহ্বান জানান। আমেরিকার এনার্জি ডিপার্টমেন্ট তাদের প্রতিবেদনে বলছে, করোনার উৎপত্তি সম্ভবত একটি গবেষণাগার থেকে। সেখানে দাবি করা হয়েছে যে, চীনের উহানের গবেষণাগার থেকেই দুর্ঘটনাবশত ভাইরাস ছড়িয়েছিল। হোয়াইট হাউজ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কারবি বলেন যে কোভিডের উৎপত্তি কীভাবে হলো এই বিষয়ে জানতে ‘সরকারি সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে প্রেসিডেন্ট জো বাইডেন’। তবে তিনি বলেন কোভিডের উৎপত্তি কীভাবে হয়েছে তা নিয়ে এখনও ভিন্ন ভিন্ন মত রয়েছে। তিনি বলেন, আমরা এখনও মূল সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। যদি আমাদের কাছে এমন কিছু থাকে যে আমেরিকান জনগণ ও কংগ্রেসকে জানাতে হবে- তাহলে আমরা নিশ্চয়ই তা করবো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান: তথ্য থাকলে জানান

করোনাভাইরাসের উৎস কোথায়? এ ব্যাপারে কোনও তথ্য থাকলে তা জানানো হোক, সব দেশের কাছে এই আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বলেছেন, করোনার উৎস নিয়ে যদি কোনও দেশের কাছে তথ্য থাকে, তা ডব্লিউএইচও এবং আন্তর্জাতিক বিজ্ঞানী মহলকে জানানো হোক। কী ভাবে ভাইরাস ছড়াল, এ ব্যাপারে জানা জরুরি বলে মনে করছে সংস্থাটি। এ বিষয়ে সঠিক তথ্য জানা গেলে ভবিষ্যতে মহামারি মোকাবিলা ভালো ভাবে করা যাবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, চীনের উহানের গবেষণাগারই কোভিডের উৎসস্থল বলে অতীতেও দাবি করা হয়েছিল। এই নিয়ে একাধিক তদন্ত হয়েছে। ডব্লিউএইচও’র তদন্তকারী দল উহানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শনও করে এসেছে। কিন্তু উত্তর মেলেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অতীতের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিলো ল্যাব থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা খুবই কম। তবে তাদের তদন্ত নিয়ে ব্যাপক সমালোচনার পর সংস্থাটির মহাপরিচালক বলেন সব ধারণাই উš§ুক্ত এবং এই বিষয়ে আরও অনেক গবেষণা প্রয়োজন। উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে করোনাভাইরাস সম্পর্কে প্রথম জানতে পারে বিশ্ব। এরপরে সারাবিশ্বে এটি ছড়িয়ে পড়ে এবং এই মহামারিতে বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

চীনের দাবি : ‘রাজনৈতিক কারসাজি’ করছে আমেরিকা

আমেরিকার অভিযোগ অস্বীকার করে চীন বলছে উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ায়নি এবং এফবিআইয়ের এমন দাবীকে তারা মানহানিকর বলে মন্তব্য করেছে। ওয়াশিংটন ‘রাজনৈতিক কারসাজি’ করছে বলে অভিযোগ তুলেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, তারা (আমেরিকা) যে সিদ্ধান্তে পৌঁছেছে তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। চীন বলছে, আমেরিকা নিজেদের গ্রহণযোগ্যতায় নিজেরা আঘাত করছে। এটাকে বেইজিংয়ের বিরুদ্ধে ‘কালিমা লেপনের ক্যাম্পেইন’ বলে অভিহিত করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আবেগতাড়িত হয়ে আমেরিকা আবারও গবেষণাগার ফাঁস (ল্যাবরেটরি লিক) তত্ত্ব নিয়ে হাজির হয়েছে। এতে চীনের সম্মানহানি হবে না, বরং আমেরিকার নিজের গ্রহণযোগ্যতা কমবে। মাও নিং বলেছেন, করোনাভাইরাসের উৎস নিয়ে ‘ল্যাব-লিক’ তত্ত্ব থেকে বের হয়ে আসা এবং চীনকে দোষারোপ বন্ধ করা উচিত। করোনার উৎস খোঁজার এই রাজনীতিও বন্ধ করা প্রয়োজন।

উল্লেখ্য, কিছু গবেষণায় দেখা গেছে যে ভাইরাসটি চীনের উহানের বাজার থেকে ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে যে সেখানকার সামুদ্রিক খাবারের বাজার ও বন্যপ্রাণীর বাজারে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। বিশ্বে নেতৃস্থানীয় ভাইরাস ল্যাবরেটরি, দ্য উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি করোনাভাইরাস নিয়ে গবেষণা করে এবং এই গবেষণাগার থেকে ৪০ মিনিট দূরত্বে অবস্থিত উহানের বাজারটি। তবে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে আমেরিকার সরকারি সংস্থাগুলোর ভিন্ন ভিন্ন মত রয়েছে। সবাই এখন পর্যন্ত এক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading