বিএনপি’কে মানুষের পাশে দাঁড়াতে দেয়া হচ্ছে না: ফখরুলের অভিযোগ

বিএনপি’কে মানুষের পাশে দাঁড়াতে দেয়া হচ্ছে না: ফখরুলের অভিযোগ

উত্তরদক্ষিণ । রবিবার ২১ জুন ২০২০ । আপডেট ২০:৫০

করোনাভাইরাস মহামারির সময়েও বিএনপিকে দরিদ্র, ক্ষুধার্ত মানুষের পাশে সরকার দাঁড়াতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২১ জুন) সন্ধ্যায় বিএনপির দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব এ অভিযোগ করেন। তিনি বলেন, করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে দেশে যখন গরীব ও ছিন্নমূল মানুষ দু মুঠো ভাতের জন্য হাহাকার করছে তখন ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। কিন্তু এই সেই মানবিক কাজটিকে সরকার কোনওভাবেই মেনে নিতে পারছে না। তাই দলীয় লোকজনদেরকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে দরিদ্র মানুষদের ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে অন্তত ১২জন নেতাকর্মীকে আহত করেছে। একইসঙ্গে একটি প্রাইভেট কারসহ অন্তত ১০টি মোটরবাইকে আগুন দেওয়া হয়েছে।’ এ ঘটনার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার অসহায়, গরীব ও ছিন্নমূল মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় আকস্মিকভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

অপরদিকে, রবিবার বিকালে বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘সাতক্ষীরা ছাড়াও গত ১৭ জুন নারায়ণগঞ্জে ৮, ৯ ও ১০নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও মহিলা দল নেত্রী আয়শা আক্তার দীনার নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণকালে স্থানীয় আওয়ামী লোকজন একই কায়দায় হামলা চালিয়ে নেতা-কর্মীদেরকে আহত করেছে। এর আগে জুনের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় ত্রাণ বিতরণের সময়ে বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ওপর হামলা হয়। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।’ তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading