করোনায় চট্টগ্রামের প্রবীণ চিকিৎসকের মৃত্যু
উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১২:০৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের প্রবীণ চিকিৎসক মুক্তিযোদ্ধা ডা. ললিত কুমার দত্ত মারা গেছেন। রবিবার (২১ জুন) রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
নাক, কান-গলা বিশেষজ্ঞ ডা. ললিত (৭৭) চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামে অত্যন্ত সুপরিচিত। সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত ছিলেন এই চিকিৎসক।
ডা. আবদুর রব বলেন, সপ্তাহখানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ডা. ললিত ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নেন। গত শুক্রবার তাকে জেনারেল হাসপাতালে আনা হয়। উনার কোভিড-১৯ পজেটিভ ছিল। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে উনি আইসিইউতে ছিলেন। রবিবার দিবাগত রাত ১১টার দিকে তিনি মারা যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনিসহ এ পর্যন্ত দেশে অর্ধশতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে বেশ ক’দিন আগেই।
জানা গেছে, ললিত কুমার দত্তের পৈত্রিক নিবাস চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকায়। তিনি নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকায় থাকতেন। ১৯৭১ সালে ইন্ডিয়ার গোকুল নগর ক্যাম্পে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন ডা. ললিত কুমার দত্ত। তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট-চট্টগ্রাম শোক জানিয়েছে।

