বীর প্রতীক বদিউজ্জামান টুনু আর নেই

বীর প্রতীক বদিউজ্জামান টুনু আর নেই

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০। ১৮:১৯

চলে গেলেন বীর প্রতীক বদিউজ্জামান টুনু। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২১ জুন) দিনগত রাত ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। তার পা ভেঙে গিয়েছিল। সপ্তাহখানেক আগে তিনি স্ট্রোক করেন। এরপর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বাসায় নেওয়া হয়েছিল।

গত শনিবার তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে আবারও রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। তার পৈত্রিক বাড়ি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে। এ বাড়িতেই তিনি থাকতেন।

সোমবার (২২ জুন) বাদ জোহর লক্ষ্মীপুর শাহী জামে মসজিদে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ বিভিন্ন সংগঠনের সদস্যসহ স্থানীয় অন্যান্যদের উপস্থিতিতে তার নামযে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় হেতমখাঁ গোরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় (৪২ বছর বয়সে) মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এই বীর। ভারতে গিয়ে সশস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ নেন তিনি। গেরিলাযুদ্ধের পাশাপাশি সম্মুখযুদ্ধে সাহসীকতা প্রদর্শন করেন তিনি। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য বীর প্রতীক খেতাব পান সদ্যপ্রয়াত বদিউজ্জামান টুনু।

জানা গেছে, প্রায় দুই বছর আগে মারা গেছেন বদিউজ্জামান টুনুর স্ত্রী ফিরোজা বেগম। তাদের দুই ছেলে এবং তিন মেয়ের মধ্যে এক ছেলে কানাডায় ও এক মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। অন্য দুই মেয়ে থাকেন ঢাকায়। আর এক ছেলে থাকেন লক্ষ্মীপুরের ঝাউতলার বাসায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading