হাতিয়ায় ভয়াবহ আগুন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনের মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১১:০০
নোয়াখালীর হাতিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ তিনজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
সোমবার (২২ জুন) দিনগত রাত নয়টার দিকে হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ২০টি দোকান আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি বলে অনুমান করছেন ক্ষতিগ্রস্থরা।
এ ঘটনায় মৃতরা হলেন, দোকান মালিক মহিবুল ইসলাম নিপু, রহমত উল্যাহ ও আব্দুল খালেদ। নিহত মহিবুল ইসলাম নিপু চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে হিসেব করছিলেন নিপু। রাত ৯টার দিকে হঠাৎ করে নিপুর তেল দোকানে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সুবর্ণচর ফায়ার স্টেশনে খবর দেয়।
খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে মাইজদী স্টেশনের আরও একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় রাত সাড়ে ১২টা পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে তেল, মুদি, কনফেকশনারি, খাওয়ার হোটেল, মোবাইল দোকানসহ অন্তত ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এ নিয়ে চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হালিম গণমাধ্যমকে জানান, অগ্নিদগ্ধ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিপুর তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকেই আগুনের সূত্রপাত। তারপরও অগ্নিকাণ্ডের মূল কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি করেছে। তথ্য সূত্র – ঢাকা টাইমস।

