দেশের অর্ধেক অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
উত্তরদক্ষিণ । সোমবার ২৩ জুন ২০২০ । আপডেট ১০:৪০
দেশের প্রায় অর্ধেক অঞ্চলে আজ ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকেও ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়।

