বাজেট দেখে ইনু’র মনে হচ্ছে ‘দেশে করোনা নেই’!
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১৭:৪০
১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ ও প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজ ছাড়া কোভিড-১৯ মোকাবিলায় প্রস্তাবিত বাজেটে কোনও বরাদ্দ নেই বলে অভিযোগ করেছেন ১৪ দলের অন্যতম শীর্ষনেতা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাবেক এই তথ্যমন্ত্রী মঙ্গলবার (২৩ জুন) ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘এবার দরকার ছিল ছকের বাইরে একটা বাজেট। কিন্তু বাজেট দেখে মনে হচ্ছে, দেশে করোনা বলে কিছু নেই। এটি অস্বাভাবিক সময়ের একটি স্বাভাবিক বাজেটমাত্র।’

একই সঙ্গে সংসদে ইনু বলেন, ‘করোনার কারণে অনেক দেশ বাজেট তৈরি করতে পারেনি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এই সংকটের মধ্যেও বাজেট দিয়ে আমাদের গর্বিত করেছেন।’
গণমাধ্যমের দুরবস্থার প্রসঙ্গ টেনে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম এখন ধুকছে। করপোরেট কর ২৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামাতে হবে। নিউজ প্রিন্টের ওপর থেকে ভ্যাট ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ করতে হবে। বিজ্ঞাপন আয়ের উৎসে কর ৪ শতাংশের স্থলে ২ শতাংশ করতে হবে। কাঁচামালের ওপর ৫ শতাংশ আবগারি শুল্ক কমিয়ে শূন্য করতে হবে। টেলিকম সেক্টরে মোবাইলের ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। ইন্টারনেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে।’

