পুঁজিবাজারে আসার আগেই আল-ফারুক ব্যাগস’কে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি
উত্তরদক্ষিণ । ২৩ জুন ২০২০ । আপডেট : বুধবার ২৪ জুন ২০২০ । ০৩:৪২
পুঁজিবাজারে তালিকাভূক্ত হতে ইচ্ছুক কোম্পানী আল-ফারুক ব্যাগস লিমিটেডকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রচলিত সিকিউরিটি আইন প্রতিপালন না করায় কোম্পানীগুলোর বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এই পদক্ষেপ নিয়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার আগেই জরিমানার কবলে পড়েছে কোম্পানীটি।
মঙ্গলবার (২৩ জুন) বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইপিও সংক্রান্ত আইন পাবলিক ইস্যু রুলসের বিভিন্ন ধারা লংঘন করার দায়ে এই কোম্পানি, তার দুই ইস্যু ম্যানেজার ও নিরীক্ষা প্রতিষ্ঠানকে জারিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৭২৯তম কমিশন সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আল ফারুক ব্যাগস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা :
আল ফারুক ব্যাগস লিমিটেডকে জরিমানা নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চাওয়া এই কোম্পানি আইপিও প্রসপেক্টাস তৈরির ক্ষেত্রে আইন ভঙ্গ করেছে্। সে কারণে আল ফারুক ব্যাগসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আর এই প্রসপেক্টাস তৈরিতে জড়িত নিরীক্ষক চার্টার্ড একাউন্টেট প্রতিষ্ঠান আর্টিসানকে ২ লাখ টাকা, ইস্যু ম্যানেজার বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আইআইডিএফসি ক্যাপিট্যাল লিমিটেডকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

