বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রম সহজ করল বিএসইসি

বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রম সহজ করল বিএসইসি

উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, আপডেট ০৯:০০

বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে এসব ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি বা মনোনীত ব্যক্তি পরিচালনা পর্ষদের পক্ষে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ফলে বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনা সহজ হলো।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৩-এর বিধি ৪৩(৬)-এ মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ানের পরিচালনা পর্ষদ মনোনীত স্বাক্ষরকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট মিউচ্যুয়াল ফান্ডের ব্যাংক হিসাব বা সিকিউরিটিজ হিসাব পরিচালনার বিধান রয়েছে। অর্থাৎ, ফান্ডের ব্যাংক ও সিকিউরিটিজ হিসাব পরিচালনার ক্ষেত্রে কাস্টডিয়ান প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মাধ্যমে স্বাক্ষরকারী নির্ধারণের ব্যবস্থা রাখা হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ২০(এ) এর প্রদত্ত ক্ষমতাবলে বিদেশি মালিকানাধীন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি বা মনোনীত ব্যক্তি মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০২৩ এর বিধি ৪৩(৬)-এর উদ্দেশ্য পূরণে পরিচালনা পর্ষদের পক্ষে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০২৩-এর বিধি ৪৩(৬) যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ, বিদেশি ব্যাংকগুলোকে বিধিমালার বাইরে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়নি; বরং তাদের স্থানীয় সাংগঠনিক কাঠামোর সঙ্গে বিদ্যমান বিধানের বাস্তবায়নকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।

মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ সংরক্ষণ, ব্যাংক হিসাব ও সিকিউরিটিজ হিসাব পরিচালনায় কাস্টডিয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে কাস্টডিয়ান প্রতিষ্ঠানের পক্ষে কে এসব কার্যক্রম পরিচালনা করবেন, তা স্পষ্ট থাকা বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading