ইন্ডিয়ায় একদিনেই প্রায় ১৭ হাজার করোনা রোগী শনাক্ত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৫:৪০
লকডাউন শিথিল করার পর থেকে ইন্ডিয়াতে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
বুধবার থেকে বৃহস্পতিবার সকাল (২৪-২৫ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬ হাজার ৯৯২ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ নিয়ে ইন্ডিয়ার সরকারি হিসাবে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে।
শনাক্ত রোগী বিবেচনায় দেশটির অবস্থান এখন বিশ্বের দেশগুলোর মধ্যে চতুর্থ। ইন্ডিয়ার উপরে আছে কেবল যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া।
ইন্ডিয়ায় করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এখানে শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ৪২ হাজার ৯০০ জন। আক্রান্তের সংখ্যায় এরমধ্যে তামিলনাডুকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজধানী দিল্লি। এখানে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৩৯০ জন। তামিলনাডুতে ৬৭ হাজার ৪৬৮ জন। দেশটির মোট করোনাভাইরাস আক্রান্তের ৬০ শতাংশই এই তিনটি রাজ্যে।
কেবল আক্রান্তের সংখ্যাই নয়, করোনাভাইরাসে মৃত্যুর হারও বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়াচ্ছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
ইন্ডিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, একদিনে আরও ৪১৮ মৃত্যু নিয়ে দেশটিতে এখন কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১৪ হাজার ৮৯৪ জন।

