প্রতিটি জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা হবে: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৬:৩০
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় করোনার নমুনা পরীক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে। বৃহস্পতিবার (২৫ জুন) নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। করোনার নমুনা পরীক্ষাসহ চিকিৎসা সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর এসময় গুরুত্বারোপ করেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, নমুনা গ্রহণ ও ফলাফল প্রদানে দেরি হওয়ায় অনেক রোগী ও আত্মীয়-স্বজনের যেমন উদ্বেগ বাড়ছে তেমনি মনোবল হারানোর পরিস্থিতি তৈরি হচ্ছে। ‘কিছু হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক পরীক্ষা-নিরীক্ষা দিয়ে রোগীদের ভোগান্তি বাড়ানোর অভিযোগ রয়েছে,’ যোগ করেন তিনি। মন্ত্রী এ দুর্যোগকালে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সরকারের বিরুদ্ধে বিরাজনীতিকরণের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জাবাব দিয়েছেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, এ সংকটকালে সরকার কোনো রাজনীতি করছে না। আওয়ামী লীগও দিচ্ছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। এখন রাজনীতি হচ্ছে করোনার সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো। তিনি বলেন, সরকারের নয়, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিরই দেয়ালে পিঠ ঠেকে গেছে। ‘তাই বক্তৃতা-বিবৃতি দিয়ে সরকারের অন্ধ সমালোচনা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই,’ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

