ঘুষের টাকাসহ আটক ব্রাহ্মণবাড়িয়ার হিসাব রক্ষণ অডিটর
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ২০:০০
পাঁচ লাখ টাকা ঘুষ লেনদেনের সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. কুতুব উদ্দিন নিজ কার্যালয়ে হাতেনাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যদের তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে টাকাসহ হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা বলেন, ‘রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমরা টাকাসহ মো. কুতুব উদ্দিনকে আটক করেছি। বিষয়টি আমাদের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। যারা ঘুষ দিতে এসেছেন তারা পুলিশ হেফাজতে রয়েছেন।’
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. কুতুব উদ্দিন তার কার্যালয়ে জেলার সড়ক ও জনপথ বিভাগের আউটসোর্সিং কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতনের ১ কোটি ৪ লক্ষ টাকার চেক প্রদানের বিনিময়ে পাঁচ লাখ টাকা ঘুষ নিচ্ছিলেন। অবৈধভাবে তিনি এ ঘুষ দিতে সংশ্লিষ্ট কর্মচারীদের বাধ্য করতেন বলে অভিযোগ মিলেছে।

