বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় কুচক্রী মহল: সেনাপ্রধান
উত্তরদক্ষিণ। ২৫ জুন ২০২০। আপডেট : শুক্রবার ২৬ জুুুন ২০২০। ০১:১৮
করোনাভাইরাস মহামারীকালে কুচক্রী মহল সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে জানিয়ে সেনাসদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখনই দেশে কোনো ভালো কাজ হয়, তখনি স্বার্থান্বেষী মহল/কুচক্র সেই কৃতিত্বকে মলিন করার অপচেষ্টা করে আসছে”।
সেনাবাহিনীর সদস্যদের চেইন অব কমান্ড অনুসরণ করা এবং কোনো ধরনের গুজবে প্ররোচিত না হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
তিনি বলেন “সাম্প্রতিককালে সেনাবাহিনী করোনা যুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যখন ভালো কাজ করছে, তখন ওই কুচক্রী মহল সম্প্রতি সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে।”
‘সুশৃঙ্খল সেনাবাহিনীকে অতীতের ন্যায় এ ধরনের অপচেষ্টা/ প্রপাগান্ডার বিরূদ্ধে সতর্ক থাকতে উপদেশ’ দিয়ে সেনাপ্রধান বলেন, “শৃঙ্খলা সেনাবাহিনীর প্রাণ এবং আনুগত্য সেনাবাহিনীর চালিকা শক্তি”। এই চেতনাকে ধারণ করে সেনাবাহিনীর সকল সদস্যকে চেইন অব কমান্ড অনুসরণ করা এবং কোনো ধরনের গুজবে প্ররোচিত না হওয়ার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়ালি আয়োজিত এক দরবারে সকল সেনানিবাসে কর্মরত সব পদবির সেনা কর্মকর্তাদের উদ্দেশে জেনারেল আজিজ এ কথা বলেন।
সেনাপ্রধানের এই বক্তব্য একযোগে দেশের সব সেনানিবাসে প্রচার করা হয়।
দরবারে বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন সেনাপ্রধান। ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান।
একই সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মহান স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষার জন্য যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তত থাকার জন্য সেনাবাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহবান জানান তিনি।
তিনি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা, ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবেলাসহ নানা বিষয়ে দিক-নির্দেশনা দেন।
বর্তমান সঙ্কটকালীন পরিস্থিতি তুলে ধরে সেনাপ্রধান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা সৈনিক এবং এই যুদ্ধে আমরা সর্বোতভাবে নিয়োজিত থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের কল্যাণে আত্মনিবেদন করছি।”
দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনীকে জনগণের সেবায় আত্ম নিয়োগের সুযোগ প্রদানের জন্য সেনাবাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
করোনাভাইরাস মহামারী মোকাবেলায় নিয়োজিত সেনাবাহিনীর সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী তথা সব সদস্যদের কঠোর পরিশ্রম ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন জেনারেল আজিজ।
সেই সঙ্গে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় জনগণের সাহায্যে কাজে নামা সেনাসদস্যদের তিনি ধন্যবাদ জানান।
এক্সপ্রেসওয়ে নির্মাণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের কাজে সেনাবাহিনীকে সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জেনারেল আজিজ।
পাশাপাশি এসব জাতীয় প্রকল্পের কাজ নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সেনাসদস্যদের নির্দেশনা দেন তিনি।
সেনাসদস্যদের আবাসন সমস্যা সমাধান, জীবন বীমা সুবিধা চালু করা, দুস্থ মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের কর্মসংস্থানসহ অন্যান্য কল্যাণমূলক কর্মকাণ্ডের বিস্তারিত দরবারে তুলে ধরেন সেনাপ্রধান।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ জুন তিন বছরের মেয়াদে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার (২৫ জুন) তাঁর দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্ণ হয়।

