সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১০:১০
নভেল করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে তিনি নিজেই করোনা পজিটিভ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান,‘গত ২২ জুন সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে ৯০ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে তিনি জানতে পারেন, তার রিপোর্ট পজিটিভ এসেছে।’
এমপি ফেরদৌসী ইসলাম জেসী আরো জানান, বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনে অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার পরিবারের অন্য সদস্যদেরও বৃহস্পতিবার নমুনা জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে নির্বাচিত হন ফেরদৌসী ইসলাম জেসী। সূত্র – বাংলা ট্রিবিউন।

