এবার জয়ের দেখা পেলো আর্সেনাল

এবার জয়ের দেখা পেলো আর্সেনাল

উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১০:৩০

সাউথ্যাম্পটনের মাঠে বৃহস্পতিবার (২৫ জুন) ২-০ গোলে জেতা আর্সেনাল ৩১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত থাকা লিগ পুনরায় শুরুর পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ২-১ গোলে হেরেছিল তারা।

টানা দুই হারের পর এবার জয়ের দেখা পেলো মিকেল আর্তেতার দল আর্সেনাল।সাউথ্যাম্পটনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের পরিসংখ্যান পক্ষে ছিল না আর্সেনালের। আগের পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছিল তারা। এর সঙ্গে যোগ হয়েছিল দুই ম্যাচে হারের অস্বস্তি।এদিন জয়ে ফেরার তাড়নায় মাঠে নামা আর্সেনাল শুরু থেকে খেলে গোছালো ফুটবল।

এ ম্যাচের অষ্টম মিনিটে বুকায়ো সাকা জাল খুঁজে নিলেও অফসাইডের কারণে গোল হয়নি। দুই মিনিট পর ভাগ্যের ফেরে আর্সেনালের আরেকটি সুযোগ নষ্ট হয়; সতীর্থের লম্বা পাস ধরে ডি-বক্সে ঢুকে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের শট ক্রসবারের ভেতরের দিকে লেগেও বাইরে যায়।গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ২০তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। একটি ব্যাক পাস ক্লিয়ার করতে গিয়ে অ্যালেক্স ম্যাকার্থি দুর্বল শট নেন। সামনে থাকা আর্সেনালের এডি এনকেটিয়ার পায়ে লেগে বল ছুটতে থাকে গোলমুখে। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডই দৌড়ে গিয়ে টোকায় জালে জড়িয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আর্সেনালের রক্ষণে চাপ দিতে থাকে সাউথ্যাম্পটন। তবে বেইয়েরিন-মুস্তাফি-হোল্ডিং-কিয়েরেনে সাজানো রক্ষণভাগ চাপ সামাল দেয় দারুণভাবে। ৭২তম মিনিটে ন্যাথান রেডমন্ডের শট বাইরের জাল কাঁপালে হতাশ হতে হয় স্বাগতিকদের।

৭৮তম মিনিটে আর্সেনালের ত্রাতা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। শেন লংয়ের জোরালো শট প্রথম দফায় ফেরানোর পর দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসবন্দি করেন এই গোলরক্ষক।

আক্রমণ সামলানোয় ব্যস্ত আর্সেনাল প্রতি-আক্রমণে ভালো একটি সুযোগ পায় ৮৫তম মিনিটে। কিন্তু ডি-বক্সের একটু বাইরে অবামেয়াংকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড পান জ্যাক স্টিভেন্স।

আলেকসঁদ লাকাজেতের ফ্রি-কিক দেয়ালে বাধা পাওয়ার পর এই ফরাসি ফরোয়ার্ডের ফিরতি শটও ফেরান গোলরক্ষক। কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন জো উইলক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading