মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব

উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১১:১৫

ডেইরিখাতে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবেলায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আগামী অর্থবছরের জন্য বরাদ্দ ৩ হাজার ১৯৩ কোটি থেকে বাড়িয়ে ৫ হাজার কোটি টাকা করার প্রস্তাব করেছে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট ফোরাম (বিডিডিএফ)।

বৃহস্পতিবার (২৫ জুন) এক অনলাইন সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এসব প্রস্তাবনা তুলে ধরেন।

একইসাথে এসময় খামারীদের গো-খাদ্য ও খামারের উপকরণ ক্রয়ের জন্য ভর্তুকি প্রদানের দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় দুই থেকে আড়াই কোটি লিটার তরল দুধ উৎপাদন হয়, যার বাজার মূল্য ১২০ কোটি টাকা। কোভিডের ফলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও প্রাণিসম্পদ খাত। মার্চের শেষ সপ্তাহ থেকে মে’র প্রথম সপ্তাহ পর্যন্ত মাত্র দেড় মাসে কৃষকের লোকসান হয়েছে ৫৬ হাজার ৫৩৬ কোটি টাকা। কারণ, কৃষি ও প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্যসমূহ উচ্চপচনশীল এবং তা স্বল্প সময়ের মধ্যে বাজারজাত করতে হয়। কোভিড-১৯ এর ফলে খামারীরা তাদের উৎপাদিত দুধ বিক্রি করতে না পারায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এছাড়া খামারীরা গাভীগুলোকে পর্যাপ্ত গো-খাদ্য সরবরাহ করতে পারছে না, ফলে গবাদি পশুর নানা অসুখ ও স্বাস্থ্যগত সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি বিপনণব্যবস্থা ভেঙ্গে পড়ায় দুগ্ধ প্রক্রিয়াজাত কোম্পানিগুলোও সক্ষমতা অনুযায়ী দুধ সংগ্রহ, প্রক্রিয়া ও বিক্রয় করতে পারছে না। ফলে দুগ্ধ প্রক্রিয়াজাত কোম্পানিগুলোর বিক্রয় প্রায় ৫০ শতাংশে নেমে এসেছে। এতে ডেইরী খাত সবকিছু মিলিয়ে প্রায় ৪ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, খামারের উৎপাদন অব্যহত রাখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে গো-খাদ্যে ভর্তূকি দিচ্ছে। বাংলাদেশের কৃষিখাতেও প্রস্তাবিত বাজেটে ভর্তূকির পরিমাণ ৯ হাজার ৫শ’ কোটি টাকা। কিন্তু ডেইরীখাতের জন্য আলাদাভাবে এ ধরনের কোন ব্যবস্থা নেয়া হয়নি। তারা কোভিড পরিস্থিতিতে প্রান্তিক ও ক্ষুদ্র খামারীদেও সুরক্ষায় গো-খাদ্যের ওপর ভর্তুকি প্রদানের সুপারিশ করেন।

সংগঠনটির পক্ষ থেকে সকল প্রকার দুগ্ধ এবং দুগ্ধজাতপণ্যে কমপক্ষে ২৫ শতাংশ আমাদানীশুল্ক আরোপ, দেশে উৎপাদিত সব ধরনের ডেইরি পণ্যে শূন্য কর নির্ধারণ, ডেইরি উপকরণে আমদানি শুল্ক হ্রাস, বিদেশ থেকে মাংস আমদানি বন্ধ করার প্রস্তাবসহ মোট ১২টি সুপারিশ তুলে ধরা হয়। খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading