সাতক্ষীরা জেলায় ‘করোনায় প্রথম মৃত্যু’
শেখফারুক । উত্তরদক্ষিণ । ২৬ জুন ২০২০ । আপডেট : শনিবার ২৭ জুন ২০২০ । ০৯:৫৪
সাতক্ষীরা জেলায় করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম অনিল বিশ্বাস (৭০)। তার বাড়ি দেবহাটা উপজেলার রত্নেশ্বরপুর গ্রামে। তিনি ৩ দিন আগে মারা যান। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা (কোভিড-১৯) ভাইরাসে কথিত ‘মৃত্যুহীন’ সাতক্ষীরা জেলায় এর আগে করোনা উপসর্গ নিয়ে বেশ কয়েক জনের মৃত্যু হলেও এই প্রথম ‘ করোনা ভাইরাসে নিশ্চিত’ একজন মারা গেলেন।
অনিল বিশ্বাস গত ২২ জুন বিকালে শ্বাসকষ্ট নিয়ে জেলার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরের দিন (২৩ জুন) বেলা ১১টার দিকে চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনিলের মরদেহের সৎকার করা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠেনো হয়।
শুক্রবার (২৬ জুন) অনিলের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। সেখানে তার ‘করোনা-পজিটিভ’ নিশ্চিত হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে শুক্রবার (২৬ জুন) দুপুরে পাওয়া নমুনা রিপোর্টে আরও ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

