স্বাস্থ্যের দুর্নীতিতে মানুষের জীবন ‘গভীর সংকটে’: মেনন

স্বাস্থ্যের দুর্নীতিতে মানুষের জীবন ‘গভীর সংকটে’: মেনন

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট ১৯:২০

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির ফলে মানুষের জীবন গভীর সংকটে’ বলে মনে করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। সেই সঙ্গে করোনাভাইরাসের চলমান সংকট মোকাবিলা ও স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের লক্ষ্যে সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ কর, কোভিড-১৯ পরীক্ষা ও ফলাফল দ্রুত প্রাপ্তি নিশ্চিত কর, জেলা-উপজেলা হাসপাতালে সক্ষমতা বৃদ্ধি কর’ শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন মেনন। তিনি ভিডিওকলের মাধ্যমে বক্তব্যে এসব কথা বলেন।

ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা রাশেদ খান মেনন বলেন, ‘করোনা সংকটকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি নেতৃত্বের ভূমিকা পালন করার কথা ছিল। কিন্তু এই খাতের সমন্বয়হীনতা, পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা এবং দুর্নীতির ফলে মানুষের জীবন গভীর সংকটে। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে করানোকে সঠিকভাবে মোকাবিলা করা সম্ভব হবে না।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সাবেক মন্ত্রী মেনন বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তরফ থেকে আমরা ১৩ দফা কর্মসূচি দিয়েছি। এখানে স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবায় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার জন্য স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের স্বাস্থ্যঝুঁকি ভাতা, এমনকি সাংবাদিকদেরও স্বাস্থ্যঝুঁকি ভাতার আওতায় অন্তর্ভুক্ত করার কথা আমরা বলেছি।’ তিনি বলেন, ‘সেই কাজ করতে গেলে আমাদের সকল রাজনৈতিক শক্তিকে এখানে সম্পৃক্ত করতে হবে। কিন্তু দুর্ভাগ্য যে, গত ৬ মাসে আমরা এই কাজে রাজনৈতিক শক্তিকে সম্পৃক্ত করার কোনও পদক্ষেপ লক্ষ্য করিনি বরং রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে ফেলা হয়েছে।’

পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা কমরেড মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, মহানগর সদস্য কমরেড শাহানা ফেরদৌসী লাকী প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading