কাশ্মীর নিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে সরব বাইডেন
উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট : ১৯:৩০
কাশ্মীরিদের অধিকার নিয়ে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। আসছে নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করবেন।
বাইডেন আমেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। তিনি বারাক ওবামার সঙ্গে ছিলেন।
ইন্ডিয়া যে ভাবে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাশ করেছে এবং আসামে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) প্রয়োগ করা হয়েছে, সেটা নিয়ে জো বাইডেন হতাশা ব্যক্ত করেছেন।

সম্প্রতি মার্কিন মুসলিমদের নিয়ে বাইডেনের কর্মসূচির উপরে একটি সমীক্ষা হয়। তার অফিসিয়াল প্রচার ওয়েবসাইটে আপলোড করা হয় সমীক্ষা প্রতিবেদনে বাইডেনের বক্তব্যে বলা হয়, ইন্ডিয়া সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পরে যে ভাবে মাসের পর মাস কাশ্মীরে ইন্টারনেট এবং ফোন সেবা বন্ধ রাখা হয়েছিল, তা আসলে ইন্ডিয়ার গণতন্ত্রের ভিতকেই দুর্বল করেছে।
তিনি আরও বলেন, কাশ্মীরিদের শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদের অধিকার থাকা উচিত।
সমীক্ষায় ব্যবহৃত বেশ কিছু শব্দ চয়ন নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানান মার্কিন হিন্দুদের একাংশ। তাঁদের বক্তব্য, ওই বক্তব্যে ইন্ডিয়ার সম্মানহানি হয়েছে।
বাইডেনের প্রচার টিম অবশ্য বিষয়টি নিয়ে মুখ খোলেনি। ‘হিন্দু আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি’র সদস্য ঋষি ভুতাড়ার প্রশ্ন, ‘‘কাশ্মীর সীমান্তে পাক সমর্থিত জঙ্গিদের কার্যকলাপ কী করে ভুলে গেলেন বাইডেন।’’ সূত্রঃ আনন্দবাজার

