নেগেটিভদের নিয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান
উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৫:১০
তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। রবিবার (২৮ জুন) দুপুরে প্রায় দুই মাসের জন্য দেশত্যাগ করেছে ২০ খেলোয়াড় ও ১১ টিম স্টাফের পাকিস্তান দল। ইংল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের।
গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করা প্রথম দফার কোভিড-১৯ টেস্টে ১০ জন খেলোয়াড়ের ফলাফল আসে পজিটিভ। তাদের ছাড়া বাকি সব ‘কোভিড-১৯ নেগেটিভ’ খেলোয়াড় ও টিম স্টাফদের নিয়েই ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বিশেষ ভাড়া করা চাটার্ড বিমান।
আসন্ন ইংল্যান্ড সফরের জন্য শনিবার ২০ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০ সদস্যের এই দলে রয়েছেন, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মুসা খান, নাসিম শাহ, রোহাইল নাজির, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহাইল খান, উসমান শিনওয়ারি ও ইয়াসির শাহ।
উল্লেখ্য, আগস্ট ও সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান দল।

