মা হয়েছেন অভিনেত্রী সৈরিতী
উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৮:৩০
আত্মহত্যা, স্বজনপোষণ, পক্ষপাতিত্ব, কাস্টিং কাউচ, অভিযোগ-পাল্টা অভিযোগ- এই নিয়ে সরগরম টালিউড। এ সবের মধ্যেই খুশির খবর শোনালেন বাংলা টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সৈরিতী বন্দ্যোপাধ্যায়। প্রথম বারের মতো মা হয়েছেন তিনি। এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘বাক্সবদল’ খ্যাত ‘টিপ’। শনিবার (২৭ জুন) তিনি সন্তান জন্ম দেন। বর্তমানে ওই হাসপাতালেই রয়েছেন নবজাতকসহ মা সৈরিতী।
রবিবার (২৮ জুন) পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে আরও জানানো হয়, পত্রিকার পক্ষ থেকে অভিনেত্রীকে ফোন করায় তা ধরেন সৈরিতীর স্বামী রোহিত ঝা। মা-মেয়ে ঘুমোচ্ছে। রোহিতের গলায় আনন্দ ঝরে পড়ছে। একই সঙ্গে নতুন বাবা হওয়া রোহিত বলেন, ‘মা এবং মেয়ে, দু’জনেই সুস্থ আছে। আগামীকালই বাড়ি নিয়ে আসব ওদের।’
সৈরিতীর কেরিয়ার শুরু মডেলিংয়ের হাত ধরে। সেখান থেকেই ছোট পর্দা। ‘নাগলীলা’, ‘ঠিক যেন লাভ স্টোরি’ এবং ‘বাক্সবদল’ ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। ‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিকে নীল ভট্টাচার্য এবং তার জুটি মনে ধরেছিল দর্শকদের। কেউ কেউ তো ভেবে নিয়েছিলেন, প্রেম করছেন তারা! কিন্তু সত্যিটা হলো, ওই ধারাবাহিক করার সময়েই রোহিতের সঙ্গে টুক করে বিয়েটা সেরে ফেলেছিলেন সৈরিতী।
কেরিয়ারে আপাতত খানিক ব্রেক নিয়েছেন সৈরিতী। স্বামী-সংসার-সন্তান সামলে আবার কবে সেলুলয়েডে ফিরবেন তিনি, এখন সেটাই দেখার অপেক্ষা তার দর্শক-ভক্তদের।

