বাংলা একাডেমির নতুন সভাপতি শামসুজ্জামান খান
উত্তরদক্ষিণ। রবিবার ২৮ জুন ২০২০। আপডেট ২১:৫০
দীর্ঘকাল বাংলা একাডেমিতে দায়িত্ব পালন করে আসা শামসুজ্জামান খান এবার প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। তাকে সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে রবিবার (২৮ জুন) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ১৪ মে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর বাংলা একাডেমির সভাপতির পদটি শূন্য হয়। একাডেমির একুশতম সভাপতি হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামসুজ্জামান খান।
১৯৭৩ সালে বাংলা একাডেমিতে উপপরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন শামসুজ্জামান খান। ২০০৯ সালের ২৪ মে থেকে ২০১৮ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন মহাপরিচালকের আসনে।
ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খানকে পরে জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি করে সরকার। এখনও সেই পদে রয়েছেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর শামসুজ্জামান বলেন, আগামীকাল (সোমবার) সকালে আমি সে পদে ইস্তফা দিয়ে বাংলা একাডেমির সভাপতি হিসেবে যোগ দেব। রবিবার দুপুরেই তিনি নতুন নিয়োগের খবর পেয়েছেন বলেও গণমাধ্যমকে জানান।

