২০২০-২১ অর্থ বিল পাস আজ, সংসদে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০ । আপডেট ০০:০১
জাতীয় সংসদে আজ সোমবার (২৯ জুন) ২০২০-২১ সালের অর্থ বিলরে ওপর সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় অংশ নেবেন। এর পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সমাপনি বক্তব্য দেবেন। এর পর আজ অর্থ বিল পাস এবং ৩০ জুন, মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ৫ দিন মুলতবির পর সোমবার বেলা ১১টায় পুনরায় অধিবেশন বসছে। এর আগে গত ২৩ জুন সংসদের বৈঠকে ২৯ জুন বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করা হয়।
আজকে বৈঠকে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার শেষ দিন। প্রথা অনুযায়ী, শেষদিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট আলোচনায় অংশ নেয়ার পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সমাপনি বক্তব্য দেবেন। এরপর আগামী অর্থবছরের জন্য আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন আইনসহ কতিপয় বিদ্যমান আইন আরো যুগোপযোগি করে অর্থ বিল, ২০২০ পাস করা হবে।
প্রসঙ্গত, গত ১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন। সূত্র: বাসস।

