রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকদের ‘স্বেচ্ছা অবসরে’ পাঠানোর ঘোষণা
উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ০৮:২৫
ধারাবাহিকভাবে লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর প্রায় পঁচিশ হাজার স্থায়ী শ্রমিককে স্বেচ্ছা অবসরে (গোল্ডেন হ্যান্ডশেক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (২৮ জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
তিনি বলেন, “পাটকলগুলোতে লোকসান হচ্ছে, এজন্য সরকার চিন্তা করেছে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে এই খাতকে এগিয়ে নিতে।”
আনুষ্ঠানিকভাবে সরকারের সিদ্ধান্ত জানিয়ে পাটমন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী বকেয়সহ সব টাকা একসঙ্গে শ্রমিকদের দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আগে যারা অবসরে গেছেন, তাদের সব টাকাও একই সঙ্গে পরিশোধ করতে বলেছেন ।
পাটমন্ত্রী এসময় আরো বলেন, “নতুন বাজেটের টাকা হাতে পাওয়ার পরই শ্রমিকদের সব টাকা দিয়ে দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে শ্রমিকদের সব টাকা এক সাথে দেওয়া হবে।”
আগামী ছয় মাসের মধ্যে এসব পাটকল পিপিপি’র মাধ্যমে চালু করা হবে জানিয়ে গোলাম দস্তগীর বলেন, “তখন মিলগুলোতে এসব শ্রমিক চাকরি করতে পারবেন। মিলগুলোকে লোকসান থেকে বাঁচতে গিয়ে পিপিপির মাধ্যমে চালু করা হবে।” সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

