বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ১০:৫৮

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টারসহ সাতজনের বিরুদ্ধে ‘অবহেলাজনিত মৃত্যু’ ঘটানোর অভিযোগ এনে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) ভোর রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় নৌ-পুলিশের এসআই শামছুল আলম মামলাটি দায়ের করেন।

ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনকে সেখানে আসামি করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, সোমবার (২৯ জুন) সকালে এমএল মর্নিং বার্ড নামের একটি লঞ্চ মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসছিল। শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ময়ূর-২ নামের আরেকটি বড় লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর কর্মীরা সেখানে উদ্ধার অভিযানে শুরু করে। সোমবার দুপুর পর্যন্ত উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ৩০টি মৃতদেহ উদ্ধার করেন। এছাড়া স্থানীয়রা আরও দুজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লঞ্চডুবির প্রায় ১৩ ঘণ্টা পর রাত সোয়া ১০টার দিকে একজনকে জীবিত উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তথ্য সহায়তায় – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading