ইউরোপে ঢুকতে পারবে মাত্র ১৪ রাষ্ট্রের নাগরিক, তালিকায় নেই যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর চীন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ১১:১০
জুলাইয়ের শুরু থেকে ১৪টি ‘নিরাপদ’ রাষ্ট্রের নাগরিকেরা ইউরোপে প্রবেশ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এ তালিকা থেকে বাদ গেছেন মার্কিন, ব্রাজিল আর চীনা নাগরিকেরা। খবর বিবিসির।
এই নিরাপদ দেশের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মরক্কো ও দক্ষিণ কোরিয়ার মতো বিশ্বের অপেক্ষাকৃত কম করোনা সংক্রমিত ১৪টি দেশ।
এদিকে ইউরোপের নাগরিকদের জন্য ইইউ’র সীমান্ত কড়াকড়ি তুলে নেয়া হয়েছে। ব্রিটিশ পর্যটকদের জন্য ব্রেক্সিট চুক্তির আলোচনার অধীনে নতুন নিয়মে করা হয়েছে।
আগামী ৩১ ডিসেম্বর ব্রেক্সিট হস্তান্তর প্রক্রিয়া শেষ হবার আগ পর্যন্ত যুক্তরাজ্যের বাসিন্দারা ইউরোপের নাগরিকের সমান মর্যাদাই পাবেন। ফলে সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না ব্রিটিশ নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা।
তবে আপাতত নিরাপদ দেশের নতুন যে তালিকা করা হয়েছে সেটিতে পরে আরো পরিবর্তন আসতে পারে বলে বিবিসির খবরে বলা হচ্ছে। এখন পর্যন্ত এ তালিকায় থাকা দেশগুলো হচ্ছে-আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টেনিগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া এবং উরুগুয়ে।

