চিকিৎসক-নার্সের খাবারের বিল ২০ কোটি কী করে হয়, তদন্ত করা হবে : প্রধানমন্ত্রী

চিকিৎসক-নার্সের খাবারের বিল ২০ কোটি কী করে হয়, তদন্ত করা হবে : প্রধানমন্ত্রী
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ০৮:৩০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের থাকা-খাওয়ার খরচ ২০ কোটি টাকা কীভাবে হয়েছে, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ব্যয় ‘অস্বাভাবিক’ মন্তব্য করে এখানে অনিয়ম আছে কি না, তা তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় তিনি একথা বলেন। তার আগে সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের আলোচনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওই বিল নিয়ে প্রশ্ন তোলেন।

প্রধানমন্ত্রী বলেন, “করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় সরাসরি নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্পূর্ণ সরকারি খরচে হোটেলে থাকা, খাওয়া, যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। তবে মাননীয় স্পিকার এখানে বিরোধী দলীয় নেতা ঠিকই বলেছেন যে, থাকা-খাওয়ায় একমাত্র মেডিকেল কলেজের হিসেব ২০ কোটি টাকা একটু অস্বাভাবিক মনে হচ্ছে।”

“তবু এটা আমরা তদন্ত করে দেখছি যে, এত অস্বাভাবিক কেন হবে? এটা একটু স্বাভাবিকভাবেই অস্বাভাবিক হয়। সেটাও আমরা ব্যবস্থা নেব।”

এসময় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে জনবল বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা অত্যন্ত অল্প সময়ে দুই হাজার ডাক্তার, ছয় হাজার নার্স নিয়োগ দিয়েছি। আরও দুই হাজার ডাক্তারের পদ সৃষ্টি করা হয়েছে এবং নার্সও আমরা আরও চার হাজার নেব।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading