পাপুলের ‘অপকর্মের’ কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দিতে পারে কুয়েত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ১১:৩৫
লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের মোবাইল ফোনে কুয়েতের অনেক রাঘব-বোয়লদের তথ্য পেয়েছে তদন্ত কর্মকর্তারা। তার কারণেই বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দিতে পারে কুয়েত সরকার। এছাড়া গোটা শ্রম বাজারকে ঢেলে সাজানোর উদ্যোগ হিসাবে সরকারি কাজে বিদেশি লোক কমানোসহ মিশরীয়দের ভ্রমণ ভিসা বন্ধ হতে পারে।
সোমবার (২৯ জুন) কুয়েতের সংবাদমাধ্যম আরবটাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জানানো হয়, কুয়েতে গ্রেফতার হওয়া শহীদুল ইসলাম পাপুলের মোবাইলে সেদেশের স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্যের তথ্য পাওয়া গেছে।
ওই ফোনে কুয়েতের যেসব কর্মকর্তাদের ছবি ও ভিডিও আছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে এবং একজন শীর্ষ আমলা বরখাস্ত হতে পারেন বলেও জানিয়েছে পত্রিকাটি।
প্রতিবেদনে জানানো হয়, যে শীর্ষ আমলা পাপুলের কাজে সহায়তা করেছিল তার সেক্রেটারি ঘুষ খাওয়ার কথা স্বীকার করেছে। ঘুষ আদান-প্রদান এমনভাবে হয়েছে যাতে করে ওই শীর্ষ কর্মকর্তা ও পাপুলের মধ্যে কোনও লেনদেন হয়েছে এটি বোঝা না যায়।
প্রতিবেদনে আরও জানানো হয়, কুয়েতের দুই জন সংসদ সদস্যের বিরুদ্ধে অর্থপাচার ও ভিসা বাণিজ্যের অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শুরু করার অনুমতি চেয়ে স্পিকারের কাছে আবেদন করা হয়েছে। এছাড়া তৃতীয় আরেকজন সংসদ সদস্যের নাম তদন্তে উঠে আসলেও তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার বিষয়ে কিছু বলেনি কুয়েত সরকার।

