তীরে টেনে আনা হয়েছে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ১৪:১৫
বুড়িগঙ্গায় ডুবে যাওয়া মর্নিং বার্ড নামের লঞ্চটি মাঝনদীর তলদেশ থেকে তীরে টেনে আনা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টার দিকে বিআইডব্লিউটিএ’র দূরন্ত জাহাজ লঞ্চটিকে রশি দিয়ে বেঁধে তীরে নিয়ে আসে। বর্তমানে ডুবুরিরা লঞ্চটির ভেতরে তল্লাশি চালাচ্ছে। লঞ্চটি উপুড় হয়ে আছে পানিতে বলে জানা গেছে।
এ নিয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক গণমাধ্যমকে বলেন, ক্রেনবাহী জাহাজ আসতে না পারায় দূরন্ত জাহাজ দিয়ে টেনে লঞ্চটিকে তীরে আনা হয়েছে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, আমরা এখন লঞ্চটির পজিশন খতিয়ে দেখছি। কেমন অবস্থায় রয়েছে। তারপর এটিকে উল্টে ঠিক করা হবে।
প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা ‘মর্নিং বার্ড’ নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে। লঞ্চে ৫০ যাত্রী ছিল বলে জানা যায়। এখন পর্যন্ত ৩৩টি লাশ উদ্ধার করার খবর পাওয়া গেছে।

