করোনা এন্টি-বডি টেস্টের নামে প্রতারণা, এফবিআই’র সতর্কতা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০। আপডেট ১৩:৫৭
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা (ইউএসএ)’র ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই করোনা (কোভিড-১৯) ভাইরাসের অ্যান্টিবডি টেস্টের ভুয়া বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করে বলেছে, এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করে প্রতারক চক্র জালিয়াতির মাধ্যমে স্বাস্থ্য বীমার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। খবর নিউইয়র্ক টাইমসের।
২৯ জুনে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ক্রিস্টিনা মরেলেসের প্রতিবেদনে বলা হয়, সংঘবদ্ধ প্রতারক চক্র অনলাইনে, সোশাল মিডিয়ায় অথবা মেইলের মাধ্যমে ভুয়া অথবা অননুমোদিত অ্যান্টিবডি টেস্টের বিজ্ঞাপন দিচ্ছে। এই ব্যাপারে এফবিআই সতর্ক বার্তা জারি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত তথ্য বা আইডেন্টিটি-চোররা অনেক সময় ফোন করে বলেছে যে তারা অ্যান্টিবডি টেস্ট করানোর বিষয়ে সরকারের সঙ্গে কাজ করছে। এমনকি ওই টেস্ট করার জন্য উপরন্তু তারা রোগীকেই টাকাও দিতে চায়।
এ ধরনের ফোন কলে নির্দিষ্ট ব্যক্তির নাম, জন্ম তারিখ, সোশাল সিকিউরিটি নম্বর এবং স্বাস্থ্যবীমার তথ্য জেনে নিয়ে সেগুলো দিয়ে পরে প্রতারনা করছে।
ওই প্রতারকরা নিজদের টেস্টকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদিত বলে চালিয়ে দেয়। বিনে পয়সায় বা কম খরচে টেস্টের প্রলোভন দেখায়।
কারো নমুনা নিলে রোগীকে ভুয়া টেস্টের ফল তারা পাঠাতে পারে।
যারা অ্যান্টিবডি টেস্ট করাতে চাইছেন, তাদের কেবল খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদিত টেস্টিং কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এফবিআই। আর বাসায় কোনো অ্যান্টিবডি টেস্ট করানোর আগে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।
ব্যক্তিগত ভাবে পরিচিত বা বিশ্বস্ত স্বাস্থ্যকর্মী ছাড়া অন্য কাউকে নিজের ব্যক্তিগত বা স্বাস্থ্য তথ্য না-দিতেও সতর্ক করেছে এফবিআই।

