করোনাকালে অনলাইন শিক্ষণে শিশুদের প্রবেশাধিকার চায় ইউনিসেফ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ২০:৫৫
ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতি ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেছেন, ডিজিটাল প্লাটফর্ম ও ইন্টারনেট সংযোগের ঘাটতি থাকায় উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ শিশুদের দূর-শিক্ষণ গ্রহণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব দেশে মাত্র ৩০ শতাংশ শিশুর এই সুযোগ রয়েছে। ফলে এই মুহূর্তে অনলাইন ও দূর-শিক্ষণে প্রবেশাধিকারের বিষয়টি বৈশ্বিকভাবে সর্বোচ্চ প্রাধিকারভুক্ত বিষয় হওয়া উচিৎ।
সেমাবার (২৯ জুন) নিউইয়র্কে বোর্ডটির বার্ষিক অধিবেশনের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব একথা বলেন। ইউনিসেফ নির্বাহী বোর্ডের এটিই প্রথম ভার্চুয়াল আনুষ্ঠানিক অধিবেশন। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন ইউনিসেফের নির্বাহী পরিচালক মিস হেনরিয়েটা এইচ ফোর। এরপর জাতিসংঘে নিযুক্ত সদস্য দেশসমূহের স্থায়ী প্রতিনিধিসহ অন্যান্য প্রতিনিধিগণ স্ব স্ব দেশের পক্ষে বক্তব্য দেন। মঙ্গলবার (৩০ জুন) ঢাকায় প্রাপ্ত এক বার্তায় একথা জানা গেছে।
সংস্থাটির মূলকাজগুলোকে সমুন্নত রাখতে ইউনিসেফের প্রতি উদার ও অব্যাহত সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসতে সকলকে উৎসাহিত করেন বোর্ড সভাপতি। উদ্বোধনী অধিবেশনে ইউনিসেফের নির্বাহী পরিচালক মিস হেনরিয়েটা এইচ ফোর ইউনিসেফের কর্মসূচিসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন এবং ইউনিসেফ যে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করছে তাও উল্লেখ করেন। এরপর জাতিসংঘে নিযুক্ত সদস্য দেশসমূহের স্থায়ী প্রতিনিধিসহ অন্যান্য প্রতিনিধিগণ স্ব স্ব দেশের পক্ষে বক্তব্য প্রদান করেন। সূত্র: বাসস।

