সাংবাদিকদের করোনাকালীন সহায়তা, চেক বিতরণ করলেন তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ২০:৪৫
প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সাংবাদিকদের করোনাকালীন সহায়তা চেক বিতরণ করছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট-পিআইবি সেমিনার কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তথ্যমন্ত্রী স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপস্থিত সীমিতসংখ্যক সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে করোনাকালীন সহায়তার প্রথম পর্যায় ও ট্রাস্টের নিয়মিত সহায়তা চেক বিতরণ করেন।
সরকার প্রধান শেখ হাসিনাকে সাংবাদিকবান্ধব বর্ণনা করে ড. হাছান তার বক্তৃতায় বলেন, ‘করোনা মহামারির শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আপামর মানুষের জন্য দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন, এখন পর্যন্ত ৭ কোটির বেশি মানুষ সরকারি সহায়তার আওতায় এসেছে। পাশাপাশি, করোনার সম্মুখযোদ্ধাদের জন্য বিশেষ সহায়তার আওতায় সাংবাদিকদের বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি।’
প্রধানমন্ত্রীর নির্দেশনানুসারে দীর্ঘদিন ধরে কর্মহীন, করোনাকালে চাকরি হারানো ও বেতন না পাওয়া এই তিন অসুবিধায় নিপতিত সাংবাদিকদের এককালীন ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হচ্ছে, জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে দেড় হাজার সাংবাদিক এ সহায়তা পাবেন এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। উপযুক্ত যারা প্রথম পর্যায়ে বাদ পড়বেন, ক্রমান্বয়ে তারাও এ সহায়তা পাবেন।’
করোনাকালীন বিশেষ সহায়তা ছাড়াও ২০১৯-২০ অর্থবছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিয়মিত বরাদ্দ ১ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকা থেকে ১৯৯ জন সাংবাদিক ও তাদের পরিবারকে সহায়তা দেয়া হচ্ছে, উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বক্তব্য রাখেন। সহায়তাপ্রাপ্ত সাংবাদিক ও তাদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন গোলাম মহিউদ্দিন খান ও প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের স্ত্রী শারমিন সুলতানা রিনা। ট্রাস্টের সদস্য সচিব মো. মাহফুজুল হকসহ চেকপ্রাপ্ত সাংবাদিকদের একাংশ এ অনুষ্ঠানে যোগ দেন। সূত্র: বাসস।

