শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ০৯:৫০
চ্যানেলের মুখে ফেরি আটকা পড়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টার দিকে রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর স্রোতের টানে চ্যানেলের মুখে আটকে পড়ায় এ ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
ফেরিটি উদ্ধারে দু’টি উদ্ধারকারী জাহাজ আইটি-৯৫ ও আইটি-৯৬ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার (১ জুলাই) সকাল সোয়া ৯টা পর্যন্তও ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
জানা যায়, এর আগে প্রবল স্রোত আর ঘুর্ণাবর্তে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলছিল মারাত্মক ঝুঁকি নিয়ে। লঞ্চ সিবোটসহ অন্যান্য নৌযান চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। স্রোতের প্রতিকূলে ফেরিগুলো প্রতিযোগিতায় টিকতে না পারায় ফেরি চলছিল সীমিত আকারে।
সীমিত আকারে ফেরি চলায় ঘাটে দেখা দেয় যানজট। ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীবাহীসহ বিভিন্ন প্রকার সহস্রাধিক যানবাহন।
এ নিয়ে বিআইডবিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন ম্যানেজার আহমেদ আলী গণমাধ্যমকে জানিয়েছেন, উজান থেকে ধেয়ে আসছে পানি। ফুঁসে উঠছে পদ্মা। সেই সাথে তীব্র স্রোতে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে।

