দেশে করোনায় নতুন আক্রান্ত ৩৭৭৫, মৃত্যু ৪১, সুস্থ ২৪৮৪
উত্তরদক্ষিণ। বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৪:৪১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৮৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৭৫ জনের শরীরে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০২ জন।
বুধবার (০১ জুলাই) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৯৮টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৮৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪১ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

