করোনা পরীক্ষার ফি নির্ধারণের কড়া সমালোচনা রিজভী’র
উত্তরদক্ষিণ। বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৫:২১
সরকারি ব্যবস্থায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফি নির্ধারণের ‘নিন্দা ও প্রতিবাদ’ জনিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (০১ জুলাই) এক অনুষ্ঠানে তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে আছে- এই মহামারীর মধ্যে মানুষ না খেয়ে আছে, একমুঠো আহারের জন্য আজকে নিরন্ন অসহায় কর্মহীন মানুষ দ্বারে দ্বারে ঘুরছে। অথচ করোনা টেস্টের জন্য ২০০ টাকা করে নেয়া হচ্ছে। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান সেখানেও করোনা টেস্টে ২০০ টাকা নেয়া হয় না।
শুরু থেকে সরকারি ব্যবস্থায় বিনামূল্যে করোনাভাইরাসের নমুনা করা হলেও সম্প্রতি এজন্য ফি নির্ধারণ করে দেয়া হয়েছে। বুথ থেকে নমুনা সংগ্রহ এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষার ক্ষেত্রে ২০০ টাকা করে আর বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা ফি লাগবে বলে গত ২৯ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানো হয়।
সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বিএনপি নেতা রিজভী বলেন, আজকে যদি একজন রিকশাওয়ালাকে করোনা টেস্ট করতে যেতে হয়, একজন ভ্যানওয়ালাকে করোনা টেস্ট করতে যেতে হয়…একজন মজুর, একজন কৃষি শ্রমিক তারা সারাদিন কাজ করার পর হয়ত ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করতে পারে, তাও পারে না। কারও ৬০/৭০ টাকা ইনকাম হয়। সে ২০০ টাকা দিয়ে করোনা টেস্ট করবে কী করে? আমরা করোনা টেস্টের ফি নির্ধারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নিখোঁজ দুই নেতার পরিবারকে আর্থিক সহযোগিতা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিখোঁজ মীরপুর থানা স্বেচ্ছাসেবক দলে সাবেক যুগ্ম আহ্বায়ক সগীর হোসেনের স্ত্রী ও তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের নেতা কাউসার আহমেদের স্ত্রীর হাতে বিএনপি চেয়ারপারসরন খালেদা জিয়ার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেন রিজভী।
ঢাকা উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল উপস্থিত ছিলেন।

