হলি আর্টিজানে নিহতদের স্মরণে ডিএমপি কমিশনারের শ্রদ্ধা নিবেদন
উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৫:৩১
২০১৬ সালের ১লা জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
জঙ্গি হামলার চার বছর পূর্তিতে বুধবার (০১ জুলাই ২০২০) সকালে গুলশানের ৭৯ নম্বর রোডের এ রেস্তোরাঁ প্রাঙ্গনে নিহতদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারীতে জঙ্গিরা ভয়াবহ হামলা চালায়। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই কর্মকর্তাসহ দেশী-বিদেশী ২২ জন নিরীহ নাগরিক নিহত হন। এই সন্ত্রাসী হামলা প্রতিহত করতে গিয়ে অকালে প্রাণ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই নির্ভীক কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল করিম ও বনানী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন খান। খবর বাসস-এর।

