করোনা পরীক্ষায় ফি: বিবেচনার আহ্বান সেতুমন্ত্রী’র
উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৫:৪০
করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহে ফি নির্ধারণের বিষয়ে নতুন করে বিবেচনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অসহায়, গরীব ও খেটে খাওয়া মানুষ করোনার লক্ষণ দেখা দিলে ফি দিয়ে পরীক্ষা করানোর সামর্থ্য নেই। এতে তারা পরীক্ষার বাইরে থেকে যাবে এবং সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে। তাই খেটে খাওয়া অসহায় মানুষের সামর্থ্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
বুধবার (০১ জুলাই) তার সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক আনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। সাবেক তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এর আগের দিন মঙ্গলবার ফেইসবুক পোস্টে করোনা পরীক্ষায় ফি বাতিলের দাবি জানান। তার এই দাবি মানা না হলে কোনও দিন আর তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে কোনও পোস্ট দেবেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, বুধবার বিএনপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনা পরীক্ষায় ফি নির্ধারণে সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে তা প্রত্যাহারের আহ্বান জানান।
এবার সরকারের প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদেরও বিষয়টি বিবেচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানালেন।
এদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, করোনা সংক্রমণ এখন ছড়িয়ে পড়েছে, এ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়লে তা সীমাবদ্ধ সুযোগ দিয়ে নিয়ন্ত্রণ হবে কষ্টসাধ্য, সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপটে তার প্রমাণ পেয়েছি। তাই সকলের প্রতি অনুরোধ, স্বাস্থ্যবিধি মেনে, সমাজিক দুরত্ব ও শারীরিক দুরত্ব বজায় চলি, সামান্যতম অবহেলা আর উদাসীনতা আমাদের প্রিয়জন থেকে দূরে সরিয়ে দিবে। এই চিরচেনা জগতটাকে করে দিবে অচেনা, স্বপ্নের রঙে সাজানো বর্ণিল পৃথিবী হয়ে যাবে বিবর্ণ।

