ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর করোনা জয়
উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৬:০৩
করোনা জয় করলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। ঘরে চিকিৎসা নিয়েই করোনা জয় করলেন তিনি। একইসাথে সেরে উঠেছেন তার বাবা-মাও।
বেশ কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। যার মধ্যে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, নাফিস ইকবালদের সাথে নাগিন ড্যান্সে খ্যাতি পাওয়া নাজমুল ইসলাম অপু। আক্রান্ত হয়েছিলেন অপুর বাবা-মাও।
জানা গেছে, কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসার পর থেকে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন তিনি। সাথে বাবা-মায়ের চিকিৎসাও চলেছে ঘরেই। এবার স্বস্তির খবর দিয়েছেন অপু।
পিতা-মাতাসহ করোনা মুক্ত হওয়ার খবর অপু নিজেই দিয়েছেন গণমাধ্যমকে।
জানা গেছে, বুধবার (০১ জুলাই) দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে তারকা এই ক্রিকেটারসহ তাঁর বাবা-মায়ের।
দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই ছিন্নমূল মানুষের সেবায় কাজ করছিলেন অপু। আর এই সামাজিক কাজ করতে গিয়ে অপু নিজেই আক্রান্ত হন, আক্রান্ত হন তার বাবা-মাও।

