জঙ্গি দমনে সফলতা ধরে রাখার প্রত্যয় র্যাব ডিজি’র
উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৩:৪২
রাজধানীর বনানীতে হলিআর্টিজানে জঙ্গি হামলায় ৪ বছর আগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জঙ্গি দমনে ‘সফলতা ধরে রাখার প্রত্যয়’ ব্যক্ত করেন র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (০১ জুলাই) সকালে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে র্যাব ডিজি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের কারণে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। তাদের যে সক্ষমতা ছিল তা ভেঙে দেওয়া হয়েছে। র্যাব প্রধান দাবি করেন, জঙ্গিদের আর সেভাবে সংগঠিত হওয়ার সুযোগ নেই। তাদের ব্যাপারে সার্বক্ষণিক ‘মনিটরিং’ করা হচ্ছে।
এক্ষেত্রে পরিবারের সকলের সচেতন থাকার প্রয়োজন রয়েছে জানিয়েছেন র্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পাশাপাশি তিনি বলেন, দেশবাসী সকলের সহযোগিতা ছিল বলেই আজকে জঙ্গি দমনে সফলতা পাওয়া গেছে। এই সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই হলি আটিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় ১৭ জন বিদেশিসহ ২২জন মারা যান। পরে সেনাবাহিনীর অভিযানে ৫ জঙ্গি নিহত হন।

