চিকিৎসার জন্য লন্ডন গেলেন অর্থমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ জুুলাই ২০২০। ০৮:২৫
করোনাভাইরাস মহামারীর মধ্যে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস হয় ৩০ জুন, মঙ্গলবার। পরদিন বুধবার (১ জুলাই) ‘চিকিৎসার জন্য’ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি জানতে চাইলে অর্থমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. ফেরদৌস আলম এর সত্যতা নিশ্চিত করেন গণমাধ্যমকে।
ফেরদৌস আলম বলেন, ‘অর্থমন্ত্রী যখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি ছিলেন তখন লন্ডনে ফ্রি চিকিৎসা সেবা পেতেন। এরপর থেকে তিনি লন্ডনের ওই চিকিৎসকের কাছেই চিকিৎসা নেন। এবারও তিনি সেই চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য গেছেন। তিনি মূলত ফলোআপ ও চিকিৎসা নিতে গেছেন। তার চোখের সমস্যা ছাড়াও শারীরিক অন্যান্য সমস্যার চিকিৎসা করাবেন।’ অর্থ মন্ত্রণালয়ের এই উপসচিব বলেন, করোনাভাইরাসের কারণে লন্ডনে যদি তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয় তাহলে ২০ জুলাইয়ের দিকে অর্থমন্ত্রী দেশে ফিরতে পারেন।
এর আগে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ গত মাসে ‘স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা করতে’ কানাডা গেছেন। অবশ্য তারও আগে চার্টার্ড ফ্লাইটে স্ত্রীসহ লন্ডন যান বিএনপির সাবেক নেতা এবং সাবেক মন্ত্রী এম মোর্শেদ খান ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান।
বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যে ‘ভিআইপিদের’ এভাবে বিদেশে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

