চালের বাজার অস্থিতিশীল করলে কঠোর অবস্থানে যাবে সরকার: খাদ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ জুুলাই ২০২০। ০৯:২০
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অপচেষ্টার মাধ্যমে চালের বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (১ জুলাই) ‘বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা’ শীর্ষক এক সভায় মন্ত্রীর মিন্টো রোডস্থ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে; এই ভরা মৌসুমে চালের বাজার অস্থিতিশীল হবার কোনো কারণ নেই। যদি কেউ অপচেষ্টার মাধ্যমে চালের মূল্য বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে কঠোর অবস্থানে যাবে সরকার; প্রয়োজনে সরকারিভাবে চাল আমদানি করা হবে।’
সভায় উপস্থিত চালকল মালিকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, ‘চালের বাজার স্থিতিশীল রাখেন, সরকারের সাথে করা চুক্তি অনুযায়ী সরকারি গুদামে চাল সরবরাহ করেন; যদি তা না করেন তবে সরকার চাল আমদানিতে যেতে বাধ্য হবে।’
মিলারদের উদ্দেশে তিনি আরও বলেন, এই করোনাকালীন সময়ে সবাই বিপদগ্রস্ত। এবার না হয় লাভ একটু কম করলেন। প্রত্যেক বার লাভ সমান হয় না। এবার মানুষকে সেবা করার সুযোগ রয়েছে। সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন।
এসময় মিলগেট থেকে কোন ধান কত দামে বিক্রি হচ্ছে তা যাচাই করা এবং মনিটরিং করার জন্য উপস্থিত বিভাগীয় কমিশনারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।

