কারফিউ ভেঙে পার্টি করায় নিজের ছেলেকে পুলিশে দিলেন মেয়র
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ জুুলাই ২০২০। ০৮:২০
করোনাভাইরাসের বিস্তার রোধে কলম্বিয়ায় জারি করা কারফিউর মধ্যে পার্টি করায় ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন দেশটির এক মেয়র। খবর বিবিসি’র।
জানা যায়, কারফিউয়ের মধ্যেই উত্তরাঞ্চলীয় আটলান্টিকো রাজ্যের উয়ান ডে অ্যাকোস্টা শহরের মেয়র কার্লোস হিগিনসের ছেলেসহ তিনজন ‘ফাদারস ডে’ উপলক্ষে পার্টি করেছিলেন। নিয়ম ভেঙে সেখানে বিক্রি হচ্ছিল অ্যালকোহলও। এটি জানতে পেরে মেয়র হিগিনস তার ছেলে, ভাগ্নে এবং তাদের এক বন্ধুকে নিজেই পুলিশ স্টেশনে নিয়ে যান। আইনভঙ্গকারীদেরকে উচিত সাজা দেয়ার জন্য পুলিশ কর্মকর্তাদেরকে অনুরোধও করেন তিনি।
স্থানীয় অধিবাসীরা যেন আইন মেনে চলেন সেই দৃষ্টান্ত স্থাপন করতেই নিজের ছেলেকে পুলিশে দিয়েছেন কার্লোস হিগিনস।
এ নিয়ে এক টুইট করেছেন ওই মেয়র।
টুইটে লিখেছেন, ‘আমার স্বজনদেরই সবার আগে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমি তাদের আমার গ্রামবাসীদের জীবন ঝুঁকিতে ফেলতে দেব না।’

