বাঘায় যুবক হত্যার অভিযোগে ৪ নারীসহ গ্রেফতার ৫
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ০২ জুলাই ২০২০ আপডেট ১৯:৪৫
হৃদয় নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে রাজশাহীর বাঘা উপজেলায় চার নারীসহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো – সাদেক আলী, রুমিয়া, আজরিমা, কল্পনা ও রেখা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে তাদের।
বিষয়টি নিশ্চিত করেছেন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি জানান, হৃদয়ের মৃত্যুর ঘটনায় তার বাবা দিল মোহাম্মদ হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ১৫ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক।
এজাহারের বরাত দিয়ে ওসি নজরুল ইসলাম জানান, বুধবার (১ জুলাই) দুপুরে হৃদয় তার বাড়ির পাশের একটি গাছের ডাল কাটছিল। এসময় প্রতিবেশী সাদেক আলী দাবি করেন ওই গাছটি তাদের। এনিয়ে কথা কাটাকাটি শুরু হয়। সাদেক আলী তার পরিবারের সদস্যদের নিয়ে হৃদয়কে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হামলা করে। তাকে বাঁচাতে গেলে আরও কয়েকজন আহত হয়। এরপর তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হৃদয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিলো। পথেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে আনা হয়েছে।

