মাদারীপুরে বোমা বিস্ফোরণ, ১ জন আহত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ০২ জুলাই ২০২০ আপডেট ১৯:৫৫
মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব শাখারপাড় গ্রামে এক বোমা বিস্ফোরণের ঘটনায় লাবলু হাওলাদার নামে একজন যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) এই ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব শাখারপাড় গ্রামের তৈয়বালী হাওলাদারের ছেলে লাবলু হাওলাদার বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার বাড়ির পাশে সাতারখালী ব্রিজ সংলগ্ন নিজ জমিতে কলাবাগানে মাটি খুঁড়ছিলেন। এসময় তার কোদালের আঘাতে মাটির মধ্যে পুঁতে রাখা একটি বড় আকৃতির বোমার বিস্ফোরণ ঘটে।
এতে গুরুতর আহত হন লাবলু হাওলাদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ও পরে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছেন। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

