বাজেটের কপি ছিঁড়ে ফেলা সংসদের প্রতি চরম অবমাননা: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ০২ জুলাই ২০২০ আপডেট ২০:১০
বিএনপি দলীয় এমপিদের বাজেট প্রত্যাখ্যান করার নামে অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে ফেলা জাতীয় সংসদের প্রতি চরম অবমাননা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২ জুন) নিজের সরকারি বাসভবনে বাজেট পাস পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
জাতির এ ক্লান্তিকালে বিএনপি দায়িত্বশীল আচরণ করেনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সংসদে যাতে বাজেট পাস না হতে পারে, তারা সেটাই চেয়েছিলেন। বিএনপি দেশে একটি হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিল।’
বিএনপির সংসদ সদস্যরা যা করেছেন তা শপথ ভঙ্গেরও শামিল অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান সেতুমন্ত্রী।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এ বাজেটের মাধ্যমে মানুষের মধ্যে আশার আলো সঞ্চার করতে পেরেছে, যা এই পেনডেমিক পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজন ছিল।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোভিড-১৯-এর প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে সাময়িক প্রয়োজন উদ্ভূত হয়েছে, তা মেটানো এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি সৃষ্টি হবে, তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে এই বাজেট প্রস্তুত করা হয়েছে। এ বাজেটে অর্থনৈতিক পুনর্গঠন এবং করোনাভাইরাস মোকাবিলায় জীবন ও জীবিকা রক্ষার ওপর প্রাধান্য দেওয়া হয়েছে। তাছাড়া, বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য, কৃষি, কর্মসৃজন ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

